হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাসনাবাদ (উত্তর ২৪ পরগনা), ২১ জুন:
গত রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ এলাকার আমরুলগাছা চকপাটলি ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। সেখানে অনুষ্ঠিত এক ঐতিহাসিক মজলিসে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আসগর আলী সাহেব পবিত্র কুরআনের সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের গভীর তাৎপর্য তুলে ধরে ‘উলিল আমর’ (নির্ভরযোগ্য কর্তৃপক্ষ) সম্পর্কে এক যুগোপযোগী ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনার শুরুতেই মাওলানা আসগর আলী কুরআনের এই নির্দেশনামূলক আয়াতের প্রেক্ষাপটে স্পষ্ট করেন যে, ইসলামি শরিয়তে ‘উলিল আমর’-এর মর্যাদা অপরিসীম, কিন্তু প্রতিটি শাসক বা ক্ষমতাবান ব্যক্তিই এই উপাধির যোগ্য নন।
তিনি আয়াতের আলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন-ঠিক কারা এই মর্যাদার অধিকারী হতে পারেন এবং কারা এর আওতার বাইরে। তাঁর মতে, যাঁরা কুরআন-সুন্নাহর অনুসারী, ন্যায়পরায়ণ ও জনগণের কল্যাণকামী, তারাই প্রকৃত ‘উলিল আমর’ বলে বিবেচিত হবেন।
মজলিসে তিনি আরও তুলে ধরেন, উলিল আমরের আনুগত্য করলে ব্যক্তি ও সমাজ কী কী পার্থিব ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারে-যেমন সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, ঐক্য বজায় থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। অন্যদিকে, তাদের নির্দেশ অমান্য করলে কী পরিণতি হতে পারে-তা নিয়েও তিনি শ্রোতাদের সাবধান করে দেন এবং বিশৃঙ্খলা ও বিভাজনের মতো মারাত্মক দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে মাওলানা আসগর আলী ‘উলিল আমরের আনুগত্যের হালালি ও হারামি হওয়ার প্রকৃত মাপকাঠি’ স্পষ্টভাবে নির্ধারণ করেন।
তিনি ঘোষণা করেন, কোনো শাসক বা নেতার আদেশ যদি আল্লাহ ও রাসূলের (সা.) নির্দেশের সম্পূর্ণ অনুকূল হয়, তবে সেই আনুগত্য হালাল এবং পালনীয়; পক্ষান্তরে, যদি তা কুরআন-সুন্নাহর পরিপন্থী হয়, তবে সেই আনুগত্য হারাম এবং তা প্রত্যাখ্যান করা প্রতিটি মুসলিমের কর্তব্য। এই পার্থক্যই প্রকৃত মুমিনের পরিচয় বলে তিনি অভিহিত করেন।
আলেমের প্রাঞ্জল ও প্রমাণভিত্তিক বক্তব্যে উপস্থিত শতাধিক মুসল্লি গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করেন এবং শেষে আয়াতটির বাস্তবপ্রয়োগ সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা এই মজলিসকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, এমন স্পষ্ট দিকনির্দেশনা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, সূরা নিসার ৫৯ নম্বর আয়াতটি মুসলিম সমাজের নেতৃত্ব, শাসনব্যবস্থা এবং নাগরিক কর্তব্য সম্পর্কে অমূল্য দিকনির্দেশনা বহন করে। মাওলানা আসগর আলীর এই সুন্দর ও যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা আগামী দিনে এলাকার মানুষের মাঝে ইসলামের সঠিক চেতনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
আপনার কমেন্ট